মোস্তাফিজকে বাদ দেওয়ার ‘প্রভাব’, ১০ লাখ ফলোয়ার হারালো কলকাতা
অ্যাংরি, হাহা রিঅ্যাকশনের সঙ্গে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে উঠেছে কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজ। এছাড়াও লাখ লাখ ফলোয়ারও হারাচ্ছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি। সবশেষ ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার।
আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গত ৩ জানুয়ারি টাইগার এই পেসারকে বাদ দেওয়া হয়। এরপর থেকে কলকাতার এমন ভরাডুবি হয়েছে।
গত পরশু কলকাতার পেজে ফলোয়ার ছিল ১ কোটি ৮০ লাখ। এখন সেই সংখ্যাটা ১ কোটি ৭০ লাখে এসে দাঁড়িয়েছে। সেই হিসেবে প্রত্যেক দিনে ৫ লাখ ফলোয়ার হারিয়েছে। সংখ্যাটাকে আরও একটু ভেঙে দেখা যাক। প্রত্যেক মিনিটে ৩৪৭ ফলোয়ার কমে যাচ্ছে কলকাতার। প্রতি সেকেন্ডের হিসেবে সংখ্যাটা হয় ৫।
