সরকারের উত্তরের অপেক্ষায় ওয়াকআউটের সিদ্ধান্ত: আজহারুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে আজ ওয়াকআউট হবে কি না, তা সরকারের জবাবের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেলের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, আপাতত তারা সংসদে প্রশ্ন উত্থাপন করবেন। সরকার কী ধরনের জবাব দেয়, তা পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংসদে তোলা হবে। এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর না পেলে সংসদে প্রতিবাদের কর্মসূচি হিসেবে ওয়াকআউটের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের একটি সভাপতিমণ্ডলীর প্যানেল গঠন করা হয়। এতে সরকারি দল বিএনপির চারজন সদস্যের পাশাপাশি জামায়াতে ইসলামীর এ টি এম আজহারুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তবে পরবর্তী সময়ে আপিল বিভাগ সেই রায় বাতিল করে তাকে খালাস দেয়।
এদিকে সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও সাম্প্রতিক ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হলে তা ঘিরে বিরোধী দলের পক্ষ থেকে হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটে।
